নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনকল্যাণ কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেগমগঞ্জ উপজেলা আমীর মাও আবু জায়েদ সেক্রেটারি মাও আব্দুর রহিম।

নেতৃবৃন্দ বলেন, গত ৬ আগস্ট একদল দুর্বৃত্ত আমানউল্যাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিনা উস্কানিতে হামলা ও গুলিবর্ষণ করেছে। পরবর্তীতে ৮ আগস্ট রাতে আমানউল্যাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়িতেও হামলা ও গুলিবর্ষণ করেছে।

এরই ধারাবাহিকতায় আজ ১০ আগস্ট পুনরায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলার প্রস্তুতিকালে একজন ব্যক্তি নিজের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রের গুলিতে নিজ ঘরেই আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। আহত ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

জামায়াতকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান করে নেতৃবৃন্দ বলেন

ঘটনাটিকে কেন্দ্র করে কোনো কোনো মহল/ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এর নেতাকর্মীদের দায়ী করার চেষ্টা করছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার, হামলা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় জামায়াতে ইসলামী বা এর শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগেই কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে দায়ী করে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় দায়িত্বশীলদের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

আমাদের দাবি

১. ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্ত করতে হবে।

২. হামলা, গুলিবর্ষণ ও অবৈধ অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

৩. কোনো নির্দোষ ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনকে হয়রানি করা যাবে না।

৪. এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

৫. তদন্তের আগে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেগমগঞ্জ উপজেলা শাখা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। আমরা বিশ্বাস করি, অস্ত্রের ভাষা নয়—আইন, ন্যায়বিচার ও জনগণের শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব।