বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে ‘প্রতিবন্ধী ব্যাক্তিদের ফ্রি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও চাকরীর ব্যবস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ভরতপুরে সিআরপি-মাধব মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিআরপি’র প্রজেক্ট অফিসার বিশ্বজিৎ দত্ত। বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিআরপি’র এ্যাডমিন অফিসার সাইফুল ইসলাম খান, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিআরপির কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, বড়াইগ্রাম বিএম কলেজের শিক্ষক ফরহাদ হোসেন ও ভরতপুর কওমী হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রহমতউল্লাহ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধী ব্যাক্তিদের দক্ষ করে গড়ে তুলতে সিআরপির উদ্যোগে বিনামূল্যে ৬ মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যাক্তিরা কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশনস, ইলেক্ট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং এবং ড্রেসমেকিং ও টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী পেতে সহযোগিতা করা হবে।