মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ যে জায়গা গুলোতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতো, এখন আরেক দল সে জায়গা গুলোকে দখলে নিয়েছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন দিতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ হবে না। তাই রাষ্ট্র সংস্কার জরুরী দরকার। তিনি আরো বলেন, বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা ভোটের অধিকার, মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
তিনি শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি রাকিবুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি এমএম মফিজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসেন মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক মীর ইকবাল হোসেন, উপজেলা সহ-সভাপতি হাজী আবদুল করিম ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক নোমান আহাম্মদ প্রমুখ।