চকরিয়া সংবাদদাতা : উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি)’র আয়োজনে চকরিয়ায় দিনব্যাপি জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে সমবেত হয়। র‌্যালির অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। তিনি র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসিপি’র উপ-পরিচালক সোনিয়া ইসলাম ও চকরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুনীর চৌধুরী। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিসিপি’র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। জমকালো আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপি এ মেলার স্টলে অংশগ্রহণ করে স্ব-স্ব ব্যানারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উদ্যোক্তা নির্ভর শিল্প প্রতিষ্ঠান। এ মেলায় সাধারণ নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দর্শণার্থী হিসেবে মেলা উপভোগ করেন। তাছাড়া মেলায় স্বেচ্ছায় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উল্লেখ্য, জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিসিসিপি দিনব্যাপি এ মেলার আয়োজন করে।