ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৩ মার্চ ২০২৬) তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

সকালে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, খেলার উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন করেন।

খাল খনন উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) : সাতক্ষীরার দেবহাটায় দশফুটের খাল পুন:খনন উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপাখালি এলাকায় এ খালের পুনঃখনন উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিএডিসির প্রকৌশলী প্রমুখ।

কর্মসূচি পালন

রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকালে রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ জনগণ, পথচারী এবং চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

মতবিনিময় সভা

রংপুর অফিস : রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন গত সোমবার বিকেলে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রমিজ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চলমান জ্বালানি সংকটের সুষ্ঠু ব্যবস্থাপনা, ৭ বছর আগে নির্মাণ সম্পন্ন হওয়া রংপুর ১০০ সয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা, জেলার উৎপাদিত কৃষিপন্য সুষ্ঠু বাজারজাত করণসহ বিভিন্ন সমস্যা নিয়ে অলোচনা করা হয়।

মানববন্ধন

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গজারিয়া সাংবাদিক সমাজ এর আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দাবি বাস্তবায়নে প্রশাসনকে সাত কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছে উপজেলার সংবাদকর্মীরা। উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় তারা মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত, সংশ্লিষ্টদের চিহ্নিত করণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে মহিউদ্দিন আহমেদ, এস এম নাসির উদ্দীন সিকদার, আমীরুল ইসলাম নয়ন, শেখ নজরুল ইসলাম, মুকবুল আহমেদ, নেয়ামুল হক নয়ন, মোয়াজ্জেম হোসেন জুয়েল, আজিজুল হক পার্থ, সাইফুল ইসলাম শামীম, আমজাদ হোসেন, আরিফুর রহমান সাগর, আবুল হোসেন সহ উপজেলার বিভিন্ন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেবা ও ওষুধ প্রদান

কয়রা (খুলনা) সংবাদদাতা : কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধ প্রদান করা হয়েছে। অসহায়, দুঃস্থ ও অনগ্রসর প্রায় ১ হাজার মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপকুলীয় ও দুর্গম মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয়। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বেদকাশি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্বরে এই জনপদের নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সীর মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করেন। এ সময় চিকিৎসা গ্রহন করা মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব প্রদান করেন নৌ-বাহিনীর সার্জেন্ট লেঃ কমান্ডার ডাঃ তিতলী আবেদীন। আরও চিকিৎসা প্রদান করেন সার্জেন লেঃ কমান্ডার মোঃ অয়ালিউর রহমান, সার্জন লেঃ রুবাইয়া রহমান ও সার্জন লেঃ নাজমুল হক।