রংপুর মহানগরীতে চাঁদাবাজী ও মালিক দ্বারা নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে বিভাগীয় শ্রমিক সমাজ।

গত বৃহস্পতিবার সকালে নগরীর টাউন হলের সামনে রংপুর বিভাগীয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর, ইউনিয়নের কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ

এসময় বলা হয় গত ১১ এপ্রিল পৃথক দুই ঘটনায় নির্মাণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় শ্রমিকদের কাছে বেলাল নামের এক ব্যক্তি চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজন শ্রমিক আহত করা হয়।

অপরদিকে, একই দিনে দেওডোবা বানিয়াপাড়া এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে প্রবীণ শ্রমিক ফজলুর রহমান, তার স্ত্রী ও সন্তান মারধরের শিকারহন। এ ঘটনায় স্থানীয় ব্যক্তি আফসার আলী ভোলা ও তার জামাতার সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়।উভয় ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতাার করা না হলে রংপুরে সকল সরকারি ও বেসরকারি নির্মাণ কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।