রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজ উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় অন্যান্যের মধ্যে উপস্থিস্তত ছিলেন।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

বাংলার বর্ষবরণে রংপুর শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়া, কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ, সরকারী বেগম রোকেয়া কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করেছে। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রংপুরবাসী পুরোনো বছরের সব গ্লাানি ভুলে নতুন আশা-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানায়।

পহেলা বৈশাখ উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এক কর্মসূচিতে শতাধিক উপকারভোগীর মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।