ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই মিলনায়তন ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে ভাষাসৈনিক ও বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে উল্লেখ করা প্রফেসর গোলাম আযমের স্মরণে গবেষণা কেন্দ্রটির নামকরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম। অনুষ্ঠানে সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মো. গোলাম ফারুকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে বক্তারা বলেন, নতুন এই অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা, শিক্ষা-গবেষণা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও গতিশীল করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।