বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে ভিসির কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী অভিযুক্ত ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার গুণগত মান ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।