ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ৮ম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার তিনি বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি সকলের সহযোগিতায় প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা, গবেষণা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়েট সূত্রে আরও জানা গেছে, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এর আগে নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট-এর ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দেশি-বিদেশি বিভিন্ন পিয়ার রিভিউড জার্নালে তার ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে তিনি ৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা ও অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ডুয়েটকে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়েই নবনিযুক্ত ভিসি তার কার্যক্রম পরিচালনা করবেন।