রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দকে জড়িয়ে ইউনিয়ন মহিলা দলের নেত্রী মুন্নি বেগমের সাথে ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে উপজেলা বিএনপি আবুল কাশেমসহ তিন নেতাকে অব্যাহতি প্রদান করেছে।
রবিবার (১৭ মে) রাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
তদন্তে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয় প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৪নং কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতলুবর রহমান মতু এবং উক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেনকে দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।