সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় খোকসা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সারাদেশব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় খোকসা উপজেলায় স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভূমি সেবা ডিজিটাল ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সেবা মেলা-২০২৬ এর মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, পর্চা ও অনলাইন ভূমি সেবাসহ বিভিন্ন বিষয়ে সহজে তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।