পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো রিভলবার উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ভেলাতৈড় এলাকায় লাচ্ছি নদীর পাড় থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানান রাতে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের ভেলাতৈড় এলাকায় লাচ্ছি ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করেন। উদ্ধারকৃত রিভলবারটিতে কোনো গুলী ছিল না। থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পুরোনো রিভলবার উদ্ধার করেছি। এটি এখানে কীভাবে এলো এর মালিক কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা শনাক্তে পুলিশ ছায়া তদন্ত করেছে।