রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে জাময়াতের ইসলামীর প্রবীণ রুকন ডাঃ আবদুল কায়উম (৯৪) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)। শুক্রবার সন্ধ্যা রামগতির ৮ নম্বর বড়খেরী ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সকাল ১১টায় রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও ইসলামী আন্দোলনে তার অবদানসহ নানা বিষয় উল্লেখ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানাযা পূর্ব সমাবেশে শোক জানিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য এ আর হাফিজ উল্লাহ, রামগতি উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম, সাবেক আমীর অধ্যাপক মিজানুর রহমান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম, বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বক্তারা বলেন, জামায়াতের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি রামগতির প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছিয়েছেন তার সৎ ও নিষ্ঠাবান একজন দায়ী কে হারিয়ে তারা শোকাভিভূত।

গ্র্যাজুয়েশন শেষে কর্মজীবনে তিনি প্রথমে শিক্ষককতা পেশায় জড়িত ছিলেন পরবর্তীতে নিজেকে চিকিৎসা সেবায় জড়িয়ে বাকি জীবন শেষ করেন। তার প্রতিটি কর্ম ও গুনকে আল্লাহ পাক কবুল করে জান্নাতুল ফেরদৌস নসীব করার আরজি রেখে শোকাবহ পরিবারের শোক সইবার তৌফিক কামনা করেন।