পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭টি পাসপোর্ট জব্দ করা হয়।
শনিবার স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে ২টি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট জব্দ করা হয়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলা রয়েছে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের ‘মিনিস্টার’ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে ৩ বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে ‘অবৈধ পথে’ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গতকাল দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নদী বা দুর্গম পথ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। এরপর ওই এলাকায় তার সন্দেহজনক চলাফেরা ও কথাবার্তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত দহগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।