রাজধানীর কাফরুল এলাকায় একজন ভাড়াটিয়ার নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা নিজ বাড়িতে হামলার শিকার হয়েছিলেন স্থানীয় বাসিন্দা ওয়াহিদ যোবায়ের। হামলার সময় ভাড়াটিয়া কামালের নির্দেশে গেটের তালা খুলে না দিয়ে পুলিশকে খবর দেন জোবায়ের। পরবর্তীতে এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সন্ত্রাসী হামলার ঘটনাকে আড়াল করে যোবায়েরকে আসামী করে চার্জশিট দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী যোবায়েরের অভিযোগ, সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যেনো আইনি পদক্ষেপ না নিতে পারি সেজন্য আমাকে আসামী করা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পিতা মো: আলী পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সিআইডি তদন্তকৃত মামলাটিতে হত্যার উদ্যেশ্য আঘাত জখম, চুরি, ছিনতাই, চাদাবাজি উল্লেখ করা হয়েছে। যার নম্বর- নম্বর ১৭(০১)২৫। অথচ সিআইডি মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার আগে কাফরুল থানা পুলিশ তদন্ত করে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ যাচাই করে মামলা থেকে ভুক্তভোগীকে অব্যাহতি প্রদান করে আদালতে এফআরটি দাখিল করে পুলিশ। এরপর মামলাটি সিআইডতে স্থানান্তর করা হয়। ভুক্তভোগী সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখান। তথাপি অজ্ঞাত কারনে সিআইডির তদন্ত কর্মকর্তা চার্জশিট তৈরি করে এবং চার্জশিটে অপরাধ হিসেবে প্রানে মেরে ফেলার হুমকী এবং বেআইনী বাধা প্রদান উল্লেখ করে ভুক্তভোগীকে আসামী করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় ভুক্তভোগী সন্ত্রাসী চাঁদাবাজ কর্তৃক হামলার শিকার হয়েছেন।