কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন : কাপাসিয়া উপজেলার এক লিচু চাষির অনন্য ভালোবাসায় সিক্ত হলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইউবী। বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ সেই লিচু চাষীর নাম লোকমান হোসেন ভূইয়া।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের অধিবাসী লোকমান হোসেনের অনেক দিনের লালিত বাসনা কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবী তাঁর সখের লিচু বাগান থেকে নিজে পেড়ে লিচু খাবেন এবং ঘুরে ঘুরে বাগান দেখবেন। এমপি সাহেব লিচু খাওয়ার পরই কেবল নিজের বাগানের লিচু বিক্রি করবেন। যেই কথা, সেই কাজ। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ লোকমান ভূইয়ার এমন প্রত্যাশার কথা জানতে পেরে সালাউদ্দিন আইউবী এমপিকে বিষয়টি অবহিত করেন।

গতকাল শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে এমপি সালাউদ্দিন আইউবী উপস্থিত হন লোকমান হোসেন ভূইয়ার কোটবাজালিয়া গ্রামের বাড়ি। তিনি লিচু চাষির সাথে দেখা করেন এবং তাঁর সখের লিচু বাগান ঘুরে ঘুরে দেখেন। চাষির আবদার অনুযায়ী লিচু গাছ থেকে লিচু পেড়ে খান। তাঁকে দাওয়াত দিয়ে সুস্বাদু লিচু খাওয়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যাশা অনুযায়ী এমপিকে পেয়ে লিচু বাগানের মালিক লোকমান ভূইয়া দারুণ খুশি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এসএম সোলায়মান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এম আমজাদ খান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতেখারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি সালাউদ্দিন আইউবী একজন সাধারণ কৃষকের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা হলো নিঃস্বার্থ, খাঁটি এবং প্রত্যাশাহীন এক গভীর অনুভূতি।

পদ-পদবি, অর্থ বা খ্যাতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ যখন কোনো ব্যক্তি, আদর্শ বা দেশের প্রতি হৃদয় উজাড় করে সমর্থন ও আবেগ প্রকাশ করে, তখনই তা প্রকৃত অকৃত্রিম ভালোবাসার রূপ নেয়। এই ভালোবাসা স্বার্থহীন। এই ভালোবাসা কোনো প্রতিদান বা সুবিধা পাওয়ার আশায় তৈরি হয় না। সমাজের সাধারণ মানুষগুলোই বিপদে-আপদে নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায় এবং অপরের আনন্দে নিজের সুখ খোঁজে।