স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ঘিরে আলোচিত তিন ভিডিপি সদস্য গ্রেপ্তারের ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ। বাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণকারী অনুমোদিত সদস্য ছিলেন না এবং দরবার অনুষ্ঠানে সরাসরি বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 'প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেপ্তার' শিরোনামের সংবাদের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা প্রদান করা হচ্ছে। যাদের 'আনসার সদস্য' হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা মূলত স্বেচ্ছাসেবী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর সদস্য এবং তারা কোনোভাবেই প্রধানমন্ত্রীর দরবারে অংশগ্রহণের অনুমোদিত তালিকায় ছিলেন না।
আনসার একাডেমি জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা যাচাই, সিকিউরিটি ক্লিয়ারেন্স ও নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুধুমাত্র অনুমোদিত সদস্যদেরই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে ওই দিনের কোনো কর্মসূচিতেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যারাকে অবস্থান করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র, উসকানি এবং বাহিনীবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এ ঘটনায় সার্কেল এডজুটেন্ট (প্রশাসন), আনসার একাডেমী, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরের মাসুদ হাসান (৩৩), পিতা-কবির আলম পাটোয়ারী, সাং-কদমতলা, পূর্ব টেংরী, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন, গাজীপুর সদর মেট্রো থানার সামান্তপুর এলাকার মোঃ আফাজ উদ্দিন সরকারের ছেলে রায়হান উদ্দিন সরকার (২৮), গাছা থানার কাথোরা এলাকার মোঃ ইউনুছ আলীর ছেলে আশরাফুল আলম (২৮) এবং পূবাইল থানার হায়দারাবাদ এলাকার ইউনুছ আলীর ছেলে শাকিল আহম্মেদ (২৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ, শহীদুল ইসলাম বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য দিকও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'
আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর দরবার অত্যন্ত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে। সেখানে বাহিনীর সদস্যরা নিয়ম-কানুন ও নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে অংশগ্রহণ করেন এবং তাদের যৌক্তিক দাবিদাওয়াও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে উপস্থাপন করা হয়।
বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও রাষ্ট্রনিষ্ঠ বাহিনী। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যাহত হয়-এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।