রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ। নওগাঁয় উৎপাদিত চালের সুনাম রয়েছে দেশজুড়ে। জেলার ১১টি উপজেলার মধ্যে ধান উৎপাদনে প্রসিদ্ধ উপজেলা হচ্ছে রাণীনগর। বর্তমানে সরিষার আবাদের পর উপজেলার কৃষকরা পুরোদমে প্রধান ফসল ইরি-বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। উপজেলাজুড়ে ধান চাষের অন্যতম উপকরণ বিভিন্ন প্রকারের সারের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষকরা অনেকটাই স্বস্তিতে রয়েছেন। কিন্তু অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় অনেকটাই হতাশ কৃষকরা। তবে চলতি বোরো মৌসুমে সারের কোন সংকট হওয়ার কোন সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রাখায় উপজেলাতে সার সংক্রান্ত কোন প্রকারের অনিয়ম হওয়ার ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই দুইজন ডিলারকে বেশি দামে সার বিক্রির অপরাধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা কৃষি বিভাগ। এছাড়া উপজেলার প্রতিটি এলাকার প্রত্যেক সার ডিলারের কার্যক্রম মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে সার্বিক পর্যবেক্ষন করা হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। শুধু বোরো মৌসুমেই নয় উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সারা বছরই সার বাজারের মনিটরিং কার্যক্রম চলমান রাখা হয়েছে বলে জানান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন চৈতি।