পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে গাজীপুরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। রোববার গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে কেশরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেবু, পেয়ারা ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে বেলাই বিলের পাড়ে কেশরিতা বাজারসংলগ্ন এলাকায় বেশ কিছু কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ট্রিজ অব লাইফ ২০২৬’ বাস্তবায়নে রোটারি ক্লাব অব ঢাকা মিড টাউন গাছের চারা সরবরাহ করে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে বেলাই বিলের মৎস্য অভয় আশ্রমে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মৃগেল, তেলাপিয়া, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিলে ছাড়া হয়। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, রোটারিয়ান নজরুল ইসলাম রুবেল, রোটার্যাক্ট ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, রোটার্যাক্টর কাজী ফয়সাল, কেশরিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, বাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল উদ্দিন পলান, শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।