গাজীপুর মহানগরীতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলির আলামত, দুটি প্রাইভেটকার ও একটি আইফোনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানার একটি চৌকস টিম ভাওরাইদ চৌরাস্তা থেকে পূর্বদিকে প্রায় ২০০ মিটার দূরে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পগামী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি ফায়ারকৃত গুলির খোসা, একটি সিলভার রঙের প্রো-বক্স প্রাইভেটকার, একটি সাদা রঙের এলিয়ন প্রাইভেটকার এবং একটি আইফোন-১৭ প্রো ম্যাক্স।

এ সময় মাহাবুর হাসান বাঁধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।