খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে দুলাল আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানায় বলে জানা গেছে।

সহকর্মী শ্রমিকরা জানান, প্রায় দেড় মাস আগে তারা প্রায় ৩০ জন শ্রমিক একসঙ্গে খুলনা জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণকাজে যোগ দেন। দুলাল আলী রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকেলে নির্মাণাধীন ভবনের উপরের অংশে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: শামীমুজ্জামান সাগর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।