জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে গাজীপুরে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা-২০২৬' আয়োজন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস কনফারেন্সে মেলার বিভিন্ন কার্যক্রম, অনলাইনভিত্তিক ভূমিসেবা ও নাগরিক সুবিধাসমূহ তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপাসিয়া তামান্না তাসনিম, সহকারী কমিশনার (ভূমি)গাজীপুর সদর মোহাম্মদ মঈন খান এলিস এবং সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, গাজীপুরের আয়োজনে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভাওয়াল রাজবাড়ী চত্বরে অবস্থিত নাট মন্দির প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হবে। একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও অনুষ্ঠিত হবে ভূমিসেবা মেলা।

মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডরুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, জেলা সাব-রেজিস্ট্রি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পৃথক স্টল স্থাপন করা হবে।

জেলা প্রশাসক, মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। মানুষ যেন দালাল ও হয়রানি ছাড়াই দ্রুত ভূমিসেবা পেতে পারে, সে লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, 'ভূমিসেবা এখন আর শুধু অফিসকেন্দ্রিক নয়, বরং জনগণের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। অনলাইনভিত্তিক সেবার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা হয়েছে।'

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় সরাসরি অভিযোগ গ্রহণ, তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইন আবেদন ও সেবা প্রদানের মাধ্যমে নাগরিকরা বাস্তব সুবিধা পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রেস কনফারেন্সে জানানো হয়, মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ই-নামজারির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তির ব্যবস্থা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি, ভিপি লিজ নবায়ন, অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিহীনদের মাঝে খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর কার্যক্রম।

এছাড়া মেলার দ্বিতীয় দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ভূমি আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমাপনী দিনে 'Automated Land Management System: The Changes, Development and Way Forward' শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। পরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

জেলা প্রশাসন, গাজীপুর সকল নাগরিককে ভূমিসেবা মেলা-২০২৬-এ অংশগ্রহণ করে আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।