গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাবাড়ি-দমদমা সড়কের একটি অংশ নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ধসে পড়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিকল্পনাগত ত্রুটির বিষয়টি স্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এলজিইডির তদন্তে পরিকল্পনাগত ত্রুটি চিহ্নিত হয়েছে। দুর্বল ভূ-স্তরের কারণে সড়কের ৮৩ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অংশের জন্য নতুন নকশা করা হয়েছে এবং গভীর পাইলিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হবে।
তিনি বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে নদী, খাল ও ক্যানেলসংলগ্ন প্রায় ২ হাজার ৯০০ মিটার অংশ রয়েছে। তবে বড় ধরনের ক্ষতি হয়েছে মাত্র ৮৩ মিটার অংশে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সড়ক নির্মাণ ও সংস্কারকাজে এ ধরনের সমস্যা এড়াতে কঠোর নজরদারি থাকবে। কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে সড়ক ধসের খবর প্রকাশের পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।