কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দায় একটি হাঁসের খামারে শিকার করতে এসে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে একটি মেছো বাঘ। ঘটনাটি শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পাচুড়া এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাচুড়া এলাকার এক হাঁসের খামারে রাতের শেষ প্রহরে হঠাৎ হাঁসগুলোর চিৎকারে খামারের মালিকের ঘুম ভেঙে যায়। দ্রুত খামারের দিকে ছুটে গিয়ে তিনি দেখতে পান, একটি মেছো বাঘ শিকারের উদ্দেশ্যে খামারে প্রবেশ করেছে, আর হাঁসগুলো আতঙ্কে ছুটোছুটি করছে। তাৎক্ষণিকভাবে তিনি গ্রামবাসীদের খবর দেন। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা একত্রিত হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ফাঁদ পেতে বাঘটিকে জীবিত ধরতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা খালেদ মিয়া জানান, “এ ধরনের ঘটনা আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না। প্রথমে ভয় পেলেও, সবাই মিলে সফলভাবে বাঘটিকে ধরতে পেরেছি।” খামারের মালিক শেখ জামাল বলেন, “হাঁসের খামারের বড় ধরনের ক্ষতি হতে পারতো, তবে সময়মতো সতর্ক থাকায় সেটি এড়ানো সম্ভব হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা মেছো বাঘটিকে জীবিত অবস্থায় ধরতে পেরেছি।” এই ঘটনার পর স্থানীয়রা বন বিভাগকে খবর দিয়েছেন, যাতে বাঘটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা যায়।