খুলনা প্রেসক্লাবে যাওয়া এবং প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়েরের ঘটনায় শ্রমিক দলের সংশ্লিষ্ট চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর শ্রমিক দল। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে মহানগর বিএনপি তিন সদস্যের শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার মহানগর বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজকে নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন তদন্ত কমিটি গঠনের বিষয়ে পত্রে স্বাক্ষর করেন।
অন্যদিকে, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম শফি অভিযুক্ত চার জনকে কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন। আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলেছেন।
এদিকে তদন্ত কমিটি গঠনের পরপরই সদর থানা শ্রমিকদলকে বুধবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল (রোববার) খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। রাতে খুলনা সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারে বাদী প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত উল্লেখ করেন, সন্ধ্যা ৬ টা ৫ মিনিটের দিকে কয়েকজন সন্ত্রাসী বেআইনিভাবে দেশি অস্ত্রসহ অনাধিকারে খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় তারা কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাদের মারপিট করে। মামলার এজাহার নামীয় আসামীরা হলেন রিপন আকন, গাউস, হালিম ও মিজান। এছাড়া আরও ২০/২৫ জন অজ্ঞাত আসামী রয়েছেন।