হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সা ইউনিয়নে তাছরিন আক্তার (২৩) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মাহলুমা বাজার সংলগ্ন ওবাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাছরিন আক্তার ওই এলাকার বাসিন্দা সামি শাহাদাত হোসেনের (৩৪) স্ত্রী। তিনি রাউজান উপজেলার গহিরা এলাকার রোজা আলীর বাড়ির মুজিবুর রহমান ও রুবি আক্তারের মেয়ে।
নিহতের মা রুবি আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাছরিনের শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। বিশেষ করে শাশুড়ি ও ননদের আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, অভিমান করে বৃহস্পতিবার তাছরিন বাবার বাড়িতে চলে যান। পরে শুক্রবার সকালে মায়ের সঙ্গে আবার শ্বশুরবাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর নিজ কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।