স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), গাজীপুরের উদ্যোগে 'মেডিকেল এথিকস অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট' শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ) জোড়পুকুর, হারিনাল রোডস্থ ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফ গাজীপুরের সভাপতি প্রফেসর ডা. মো. আমজাদ হোসাইন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল প্রফেসর মাহমুদ হোসাইন।
সেমিনারে মেডিকেল এথিকস বিষয়ক আলোচনায় অংশ নেন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বনি ইয়ামিন, ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ডা. রাশেদুল হাসান। বক্তারা চিকিৎসা সেবায় নৈতিকতা, মানবিকতা এবং পেশাগত দায়িত্ববোধকে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. শফিকুল ইসলাম ও ডা. মো. হারুন অর রশিদ। পবিত্র কুরআন তেলাওয়াত ও অর্থসহ ব্যাখ্যা উপস্থাপন করেন মেডিকেল উইংয়ের সেক্রেটারি ডা. জুবায়ের।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবায় মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আরও সুসংহত করা জরুরি। তারা মনে করেন, এ ধরনের সেমিনার চিকিৎসা পেশার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শতাধিক চিকিৎসক, সামাজিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।