পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তাতীপাড়া এলাকার আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।

স্থানীয়রা জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন আর রহিম তাকে সহযোগিতা করছিলেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তপন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল রুবেলের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ির শয়নকক্ষের ধানের ঢিবি থেকে ৯ বোতল এবং গোয়ালঘর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ওসি প্রবীর বলেছেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’