সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়াকে অপহরণ করে তুলে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করেছে স্বেচ্ছাসেবক লীগের দুর্র্ধর্ষ সন্ত্রাসী সরল ও তার বাহিনী। ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাহিনের নিজের পরিবহন কাউন্টার থেকে বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায় যুবলীগ সন্ত্রাসী সরল, তার ভাই নিশাদ এবং ঢাকা মহানগর যুবলীগ ক্যাডার হেলাল ফরাজিসহ তাদের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শাহীন জানায় সে সাইনবোর্ড এলাকায় বাসের টিকিট বিক্রির কাজ করেন। সম্প্রতি সেখানে একটি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। সরল বাহিনী তার কাছে বার বার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। দাবিকৃত চাঁদা না দিলে তাকে সেখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। শাহীন মিয়া চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে কয়েকবারই দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই জের ধরে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে সরলের ভাই নিশাদসহ ৪/৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী সাইনবোর্ড টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে অনেক মানুষের সামনে থেকে শাহীন মিয়াকে টেনে হেঁচড়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী মিতালী মার্কেটের এক নম্বর ভবনে তাদের টর্চার সেলে নিয়ে যায়। সেখানে শাহীনকে লোহার পাইপ, হকিষ্টিক দিয়ে অমানুষিক নির্যাতন চালায়, চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। তাঁকে হত্যা করার জন্য উদ্যত হয়। এমতাবস্থায় সে সরলের পায়ে ধরে জীবন ভিক্ষা চায়। এক পর্যায়ে যেভাবেই হোক দুই তিন দিনের মধ্যে ৫০ হাজার টাকা যোগার করে এনে সরলকে দেওয়ার প্রতিশ্রুতি দেয় শাহীন। তারপর সরল ও তার বাহিনী চাঁদা প্রদানের শর্তে তাকে ছেড়ে দেয় এবং শাহীন যাতে আইনের আশ্রয় না নেয় তার জন্য হুমকি প্রদান করে।