চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে শহীদি কাফেলার প্রাক্তন জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর বিশিষ্ট সমাজসেবক আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক ও কল্যাণমুখী সুশৃংখল সাংগঠনিক প্রতিষ্ঠান। এ সংগঠনের কাজকে আরো শক্তিশালী ও বেগবান করতে প্রাক্তন জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। এ জন্য প্রয়োজন সকল প্রাক্তন জনশক্তিকে সংগঠনে আন্তরিকতাপূর্ণ সময়দান। তা হলে পরে জাতির বৃহত্তর কল্যাণে এ প্রতিষ্ঠান মানবিক ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী ও মো. জাকির হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, প্রাক্তন ছাত্রনেতা অধ্যক্ষ আবু নাঈম আযাদ, সাবেক ছাত্রনেতা চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ মাওলানা এহসানুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মাওলানা ওসমান গণি, মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাহফুজুল করিমসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।