মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জাতীয়করণ না করে আউটসোর্সিং করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকরা। রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতশত শিক্ষক ও শিক্ষিকার অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার শাহজান সিরাজ, আবু হানিফ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে সারা দেশব্যাপী ৭৩,৭৬৮টি শিক্ষা কেন্দ্র ও ২,০৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে শেষ হলেও বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে। দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে বৈষম্যের শিকার হওয়া চাকরিজীবী ও আমজনতার উপর জগদ্বল পাথরের মতো চেপে বসা বৈষম্যের অবসান হতে শুরু হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রক্রিয়াটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দারিদ্র, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্যতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি মানবিক ও নৈতিকতার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করা, সরকারের উন্নয়ন কৌশল সম্পর্কে জনগণকে ধারণা প্রদান ও উন্নয়ন কর্মসূচীতে সম্পৃক্তকরণে এ প্রকল্পটি ব্যাপক ভূমিকা পালন করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্ম ও নৈতিকতা শিক্ষার একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পে নিয়োজিত জনবল অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
স্মারকলিপিতে জনবলকে রাজস্বখাতে স্থানান্তর, কর্মী-কেয়ারটেকারদের স্কেল ভিত্তিক বেতন প্রদান ও শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ আটসোর্সিং ব্যতিরেকে প্রকল্পটি ঈদের পূর্বেই অনুমোদন পূর্বক বকেয়াসহ বেতন-বোনাস প্রদানে অনুরোধ জানানো হয়।
ঝালকাঠি : রোববার (২৩ মার্চ) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্যপরিষদ। মানববন্ধনে বক্তব্য দেন, ফিল্ড অফিসার, মো. আব্দুল্লাহ আল হাদী, মাস্টার ট্রেইনার মো. শাহাবুদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. শাহাবুদ্দিন, মো. আসাদুর রহমান মান্নাসহ আরো অনেকে।
বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীর আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল, প্রকল্পের সকল জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কেয়ারটেকারদের সরকারি বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করাসহ, ঈদের আগেই প্রকল্প অনুমোদন করে সকলের বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
নাটোর : রোববার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে ৫ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি মকবুল হোসেন প্রমুখ।