বৈরি আবহাওয়ার কারণে নদী প্রচণ্ড উত্তাল হয়ে যাওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে পদ্মা নদীতে তীব্র ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও নদীতে ঢেউয়ের উচ্চতা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ‘বিআইডব্লিউটিসি’ কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র থেকে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ হঠাৎ করেই ঘন কালো মেঘে ছেয়ে যায়। এর কিছুক্ষণ পরই অর্থাৎ বিকেল ৪টা ৫০ মিনিট থেকে পুরো নদী এলাকায় তীব্র গতিতে ঝোড়ো হাওয়াসহ মষলধারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। নদীর পানি ও তরঙ্গের গতিবেগ সাধারণ মাত্রার চেয়ে অনেক বেড়ে যাওয়ায় মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে।
নৌরুটে ফেরি চলাচল বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি পরিস্থিতি সম্পর্কে জানান, হঠাৎ নদীতে তীব্র ঝোড়ো বাতাসের কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং ঘাটে অবস্থানরত কোনো ফেরিকেই মাঝনদীতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় এই রুটে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।