চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলীতে পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ না পাওয়ার অভিযোগ তুলে নিজের আপন ভাইদের বিরুদ্ধে নির্যাতন ও হুমকির অভিযোগ করেছেন নাছিমা আক্তার নামে এক গৃহবধূ। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

গতকাল সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন নাছিমা আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় দুই দশক আগে তার বাবা সোনা মিয়া মৃত্যুবরণ করার পর থেকেই পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তার অভিযোগ, বড় ভাই মো. রফিক, মেজো ভাই মো. শফিক এবং ছোট ভাই মো. মানিক পরিকল্পিতভাবে তাকে সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করে আসছেন।

নাছিমা আক্তার বলেন, “আমার বাবার মৃত্যুর পর থেকেই আমি আমার প্রাপ্য সম্পত্তির অংশ চাইতে গেলে ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। একাধিকবার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমাকে অপমান করে এবং মানসিকভাবে নির্যাতন করে।”

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি বাবার বাড়িতে গিয়ে পৈতৃক সম্পত্তি ভাগ-বণ্টনের দাবি জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তার ভাইয়েরা তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে তার ওপর হামলা চালায় এবং মারধর করে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, শুধু তাকে নয়, তার স্বামী ও সন্তানদেরও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।

তিনি আরও বলেন, “আমরা এখন নিজেদের বাড়িতেও নিরাপদ নই। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

নাছিমা আক্তার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়ারহাট এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে। বর্তমানে তিনি তার স্বামী মো. শহীদুল্লাহ ও সন্তানদের নিয়ে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্বামী মো. শহীদুল্লাহ। তিনি বলেন, “আমার স্ত্রী তার বাবার সম্পত্তির ন্যায্য অধিকার চাচ্ছে। কিন্তু তার ভাইয়েরা বিষয়টি কোনোভাবেই মেনে নিচ্ছে না। বরং উল্টো আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্যাতনের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার ও নিরাপত্তা চাই।”

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের। একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে নাছিমা আক্তার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আমার বাবার সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। পাশাপাশি আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।