জঙ্গী নাটক সাজিয়ে ৯ হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের ভবনে জঙ্গী নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে এ মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, আওয়ামী লীগের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গী তকমা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগী পরিবারের অনেকেই তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দী দিয়েছেন। তাদের এ মামলায় সাক্ষ্যগ্রহণ পর্বে সাক্ষী হিসেবে হাজির করা হবে। এ সময় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকের কিছু তথ্য তুলে ধরেন। একই সঙ্গে প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় আট আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউটর তামিম। আসামীপক্ষে আইনজীবী সুলতান মাহমুদ ট্রাইব্যুনালকে জানান, প্রসিকিউশন থেকে এ মামলাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আজই সরবরাহ করা হয়েছে। এসব যাচাই-বাছাইয়ের জন্য আরও এক মাস সময়ের প্রয়োজন।

এ পর্যায়ে প্রসিকিউশন থেকে কোনো আপত্তি না জানিয়ে এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে বলে ট্রাইব্যুনালকে জানানো হয়। পরে আসামীপক্ষে ডিসচার্জ বা অব্যাহতি শুনানির জন্য আগামী ২ আগস্ট নির্ধারণ করেন আদালত।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর জহিরুল আমিন, মামুনুর রশিদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন দুইজন। তারা হলেনÑ সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।