নারায়ণগঞ্জে র‌্যাব ও জেলা প্রশাসনের হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান চালিয়েছে। নগরীর খানপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম। অভিযানে র‌্যাব সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এই চক্র রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল আগে-পিছে করে দিতো। এছাড়া অনেক ক্ষেত্রে রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিতো, যার মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হতো।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন, মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আঃ মান্নান।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, আঃ মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।