গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া রাসেল (২২) নামে এক যুবকের লাশ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ অনুসন্ধান শেষে সোমবার দুপুরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল কাশিমপুর এলাকার গোবিন্দবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে তুরাগ নদীতে ঈদ আনন্দ ভ্রমণে যান রাসেল। স্থানীয় নামা বাজার এলাকার নদীপথে ট্রলারে তুরাগ নদীতে ঘুরে বেড়ানোর সময় তিনি ট্রলারের ছাদ থেকে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি নদীর পানিতে তলিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাশিমপুরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। ৩১ মে সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসীও উদ্ধার অভিযানে সহযোগিতা করেন।

অবশেষে সোমবার (১ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তুরাগ নদী থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম শেষে ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন হাসান জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল টানা দুই দিন তুরাগ নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। তিনি বলেন, 'নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। দীর্ঘ অনুসন্ধানের পর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌভ্রমণ ও জলপথে চলাচলের ক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।'

ডিবিএল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাশিমপুরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর, মোঃ আরিফুল হকের নেতৃত্বে পরিচালিত এ উদ্ধার অভিযানে একটি ইউনিট অংশ নেয়।

এর আগে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, নৌভ্রমণে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।