মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কংশপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কংশপুরা গ্রামের মোহাসিন (৪৫) ও তার স্ত্রী রুবিনা (৩২)। মোহাসিন একই এলাকার আবু মিয়া বেপারীর ছেলে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে কংশপুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কংশপুরা এলাকার একটি দোচালা বসতঘরের সামনে থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ মোহাসিন ও তার স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।