গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার চাইনিজ চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার খরচের জন্য রাখা ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর। অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম-সেবা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজেন্দ্রপুরের কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চাইনিজ চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের জন্য রাখা ১ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। পরে মালিককে অনুশোচনামূলক একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে আত্মগোপনে চলে যান তিনি।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে। শিল্প সংক্রান্ত হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝিনাইদহ সদর থেকে মূল অভিযুক্ত ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মোঃ দবির উদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান (৩০)কে আটক করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮৬ লাখ টাকা।

এ ছাড়া সহযোগী ঝিনাইদহ জেলার সদর থানার কাঞ্চননগর গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে মোঃ আক্তারুজ্জামান (৫১)এর কাছ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং তার স্ত্রী রংপুর জেলার তাড়াগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মোঃ সামসুল হকের মেয়ে মোছাঃ নাসিমা আক্তার (২৪)এর টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল ফোন কেনাসহ মোট প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেন। অভিযানকালে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, 'শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখা এবং শিল্প সংক্রান্ত অপরাধ দমনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সর্বদা তৎপর। দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।'

অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পাশাপাশি ঝিনাইদহ জেলা পুলিশের ডিবি টিম সহযোগিতা করে। আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।