রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ফেরা দুই বোনের বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করেছে।
সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরালের পর নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২ জুন) বিকেলে র্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের নাম জুয়েল (সোর্স জুয়েল ওরফে আরিফ)। র্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে এই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। আরেকজনের নাম আনোয়ার হোসেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চল নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উদ্ধারকৃত আলামতপুলিশ ও র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মালামালসহ ৩টি ব্যাগ, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাপাতি, অপরাধে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মোহাম্মদপুর এলাকার একটি সুসংগঠিত ছিনতাইকারী চক্রের সদস্য এবং তিনি একাধিক ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।