রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে থাকা অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস এই আগুনের খবর পায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।

আগুন লাগার খবর পেয়েই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরবর্তীতে আরও ইউনিট এই তৎপরতায় যোগ দেয়।

ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের দক্ষিণ দিকে অবস্থিত অ্যাপেক্স শোরুমের বহুতল ভবনটিতে এই আগুন লাগে।

পরিস্থিতি মোকাবিলায় পরে অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এছাড়া আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি হতাহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে।

অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একপাশের রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।