সন্তানদের অবহেলায় রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী মা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে যুগ্ম-সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন।

গত ৩১ মে ২০২৬ তারিখে মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নূরজাহান বেগমের পচন ধরা গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মা তাঁর স্কুলশিক্ষিকা মেয়ের সাথে ওই ফ্ল্যাটে থাকতেন। পাশাপাশি রুমে থাকলেও মায়ের মৃত্যুর খবর কাউকে জানাননি মেয়ে। বড় ছেলে যুগ্ম-সচিব এবং অন্য ছেলে বুয়েটের শিক্ষক হলেও তাঁরা মায়ের খোঁজ রাখতেন না বলে গণমাধ্যমে অভিযোগ আসে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, 'পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩' অনুযায়ী তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।