জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

1000205417


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করা নয়, বরং প্রশাসনের ইতিবাচক কাজগুলোও গণমাধ্যমে তুলে ধরা। তিনি বলেন, “প্রশংসা এবং পূজার পার্থক্য বুঝতে হবে। কাউকে প্রশংসা করতে হলে তা এমনভাবে করতে হবে যাতে আনুগত্যের জায়গা পূজার পর্যায়ে না পৌঁছে।”


তিনি আরও বলেন, “যেখানে অন্যায় হবে এবং যিনি অন্যায় করবেন তিনি যত বড় ক্ষমতাধরই হোন না কেন, তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে হবে। জাহাঙ্গীরনগরকে রক্ষা করা অন্যায়কে ধামাচাপা দিয়ে সম্ভব নয়।”

সমালোচনা ও কুৎসার পার্থক্য বোঝার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, সমালোচনার নামে কুৎসা রটনা সাংবাদিকতা নয়; বরং তা ব্যক্তিকে ধ্বংস করে দেয়।


অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সাবেক জ্যৈষ্ঠ সাংবাদিক আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম। সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওসমান সরদার। সমাপনী বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি এস এম তাওহীদ।


এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক (পিআরএল) ড. এ কে এম শাহনাওয়াজ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে। নতুন নেতৃত্বের মাধ্যমে জাবি প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।