স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানুষের সৃজনশীলতা, উদ্ভাবন ও গবেষণালব্ধ জ্ঞানকে যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) বুধবার সকাল ১১টায় এ সেমিনারের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’।
সেমিনারে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও সিনিয়র শিক্ষকসহ বিপুলসংখ্যক অধ্যাপক এতে অংশ নেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরে ট্রেজারার কী-নোট স্পিকার হিসেবে কৃষিতে মেধাস্বত্বের গুরুত্ব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন। তিনি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের মতো মেধাস্বত্ব সুরক্ষার বিষয়গুলো তুলে ধরে গবেষণা ও উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা গবেষণা বাণিজ্যিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর ও মেধাস্বত্ব সুরক্ষা বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি মেধাস্বত্ব সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য এবং গবেষণাকে ল্যাবরেটরি থেকে বাস্তব প্রয়োগে নিয়ে যেতে পেটেন্ট অর্জনের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। তিনি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় গাকৃবির অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মেধাসম্পদ সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০০ সাল থেকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়ে আসছে।