ইবি প্রতিনিধি: নির্ধারিত সময়ের তুমুল লড়াই শেষে টাইব্রেকারের পেনাল্টি শুটআউটে সাতক্ষীরা জেলা শাখাকে ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
সোমবার (৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে টুর্নামেন্টের এই জমজমাট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠে ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ও সাতক্ষীরা জেলা শাখা মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। পেনাল্টি শুটআউটে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে ৩-০ গোলের জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে ইবি শাখা।
এর আগে খেলা শুরুর প্রাক্কালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জুলাই শহীদ শাহরিয়ার খান আনাসের পিতা। পরবর্তীতে শহীদ আনাসের ছোট ভাই সাফওয়ান খান উদ্বোধনী কিক মেরে খেলার শুভ সূচনা করেন।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসাইন, ইবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান এবং শহীদ আনাসের পরিবারবর্গ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারিসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।