ববি সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মেহেদী হাসান সোহাগ নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে তালা ঝুলিয়েছেন।
আজ (৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে মাহিন্দ্র ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ইয়াসিন।
প্রাথমিকভাবে তাকে নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে গাফিলতি ছিল বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দুর্ঘটনার পরপরই এয়ার অ্যাম্বুলেন্সে করে ইয়াসিনকে ঢাকায় পাঠানো হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হতো।
ঘটনার পর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে সাময়িকভাবে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলাকালে ইয়াসিনের মৃত্যুর খবর আসে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরে তালা ঝুলিয়ে দেন এবং পুনরায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।