বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ অন্তত চারজন আহত হওয়ার ঘটনায় ব্রিজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক ছাত্রকাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তাৎক্ষণিক এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা দপদপিয়া ব্রিজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের অব্যবস্থাপনা দূর করে দ্রুত সংস্কার এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এর আগে রোববার বিকেলে দপদপিয়া ব্রিজে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতও রয়েছেন।

মানববন্ধনে গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের অন্যতম সংগঠক ভূমিকা সরকার বলেন, “সড়কের অব্যবস্থাপনার কারণে ক্যাম্পাস এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সংস্কারের নামে দুদিন পরপর ইট বিছিয়ে রাস্তাটাকে মৃত্যুফাঁদে পরিণত করা হয়েছে। অতীতে আমরা এখানকার রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন ও সক্রিয় ক্যামেরার মাধ্যমে গতি নিয়ন্ত্রণের দাবি জানালেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি।”

তিনি আরও বলেন, “আজকের দুর্ঘটনাটি এই কাঠামোগত অব্যবস্থাপনারই অংশ। অতিদ্রুত সড়কের নিরাপত্তা নিশ্চিত করে জানমালের নিদারুণ অপচয় রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে দপদপিয়া ব্রিজ দ্রুত সংস্কার, সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা এবং সক্রিয় ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।