ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভা গতকাল মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী উতিয়া ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী মোসাম্মৎ নুসরাত জাহান এবং ফার্মেসী বিভাগের শিক্ষার্থী লোকমান হেকিম ইমন নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র উপদেষ্টা তানজিনা বিনতে নূর অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আগামী ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান চাকরির বাজারে সফল হতে প্রথাগত চিন্তার বাইরে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব, অলিম্পিয়াড এবং খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কলা অনুষদ, আইন অনুষদ ও ফার্মেসী অনুষদের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।