সংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এবং দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে মোহাম্মদ ফয়সাল হোসেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে মন্ত্রীকে বরণ করে নেওয়ার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে গেলে মিছিলের সামনের সারিতে অবস্থানকে কেন্দ্র করে যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের সঙ্গে সংগঠনের কয়েকজন নেতার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পর ফয়সাল হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রশিদ জিতুকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে একটি শোডাউন করেন বলে শাখা ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে। তাঁদের দাবি, পূর্বনির্ধারিত কোনো দলীয় কর্মসূচি ছাড়াই এ শোডাউন অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে।