হাম ও হামের উপসর্গে দেশে চার শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে চার শিশু। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।
হাম রোগীকে ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য
ঢাকা শহরের মধ্যে যেকোনো এলাকায় হামে আক্রান্ত রোগীকে ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এছাড়াও হাসপাতালটিতে হামরোগীর চিকিৎসায় আইসোলেশন ইউনিট চালু রয়েছে। গতকাল বৃহস্পতিবার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের হামের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ধানমন্ডিস্থ ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল আইসোলেশন ইউনিট’ চালু আছে। এছাড়াও ঢাকা শহরের অভ্যন্তরে যেকোনো হামে আক্রান্ত রোগীকে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্স ফি মাত্র ১০০ টাকা। হামের বিস্তার রোধে অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। অ্যাম্বুলেন্স সেবার জন্য যোগাযোগ: হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০, আল-আমিন (অ্যাম্বুলেন্স ড্রাইভার): ০১৩১৭৮৩৪৭৫৬.